করোনা সংক্রমণ থেকে সতর্ক থাকার আহ্বান চরমোনাই পিরের

চরমোনাই দরবার শরিফের তিন

দিনব্যাপী মাহফিল শুরু

বরিশাল অফিস

বরিশালের চরমোনাই দরবার শরিফে তিন দিনব্যাপী বার্ষিক (অগ্রহায়ণ) ওয়াজ মাহফিল শুরু হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় চরমোনাই দরবার শরিফের এই মাহফিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পির সাহেব চরমোনাই হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মাহফিলে উদ্বোধনী বয়ান পেশ করেন। বয়ানে করোনা সংক্রমণ থেকে সতর্ক থাকার জন্য মাহফিলে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান চরমোনাই পির।

পির সাহেব বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের দিল থেকে বড়ত্ব এবং আমিত্বভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলি হয়ে চরমোনাই থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে হবে। আগামী সোমবার সকাল ৮টায় পির সাহেব চরমোনাইর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি হবে।