ব্রাজিল কোচের শরীরে আর্জেন্টাইন জার্সি!

ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক 

ফুটবলের ধ্রুপদী সব দ্বৈরথে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইটা থাকবে ওপরের দিকেই। তবে দিয়েগো ম্যারাডোনা ছাপিয়ে গেছেন সে দ্বৈরথকেও। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পর শেষ শ্রদ্ধাটা প্রতিদ্বন্দ্বী-জার্সি পরেই জানালেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও কোচ ও সাবেক ব্রাজিল মিডফিল্ডার রেনাতো গাউচো।

গেল শতাব্দীর আশি-নব্বইয়ের দশকে ব্রাজিল দলের নিয়মিত মুখই ছিলেন তিনি। ১০ বছরে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন ৪১ ম্যাচে। স্বাভাবিকভাবেই সেলেসাও-আলবিসেলেস্তে লড়াইয়ের উত্তাপটা ছুঁয়েছে তাকেও। তবু ম্যারাডোনার মৃত্যুতে সে দ্বৈরথ একপাশে রেখেই শ্রদ্ধাটা জানালেন রেনাতো। 

গত বৃহস্পতিবার কোপা লিবার্তোদোরেসের দ্বিতীয় রাউন্ডে প্যারাগুয়ের ক্লাব গুয়ারানির বিপক্ষে ম্যাচে গ্রেমিও ডাগআউটে এসেছিলেন আর্জেন্টিনার জার্সি পরে। যাতে লেখা ছিল ম্যারাডোনার নাম। ম্যাচশেষে প্রতিক্রিয়ায় রেনাতো বললেন, ‘আমার চোখে ম্যারাডোনার মরণ নেই, আমাদের হূদয়ে তিনি চিরকাল থাকবেন। গোটা বিশ্ব পরম এক কিংবদন্তি হারিয়েছে।’

খেলোয়াড় জীবনে দু্ই জনের বন্ধুত্বও হয়েছিল। আশির দশকে রেনাতো যখন রোমার হয়ে খেলতে গেলেন ইতালিতে, ততদিনে নেপলসের অবিসংবাদিত নেতা বনে গেছেন ম্যারাডোনা। ভিনদেশে সংস্কৃতিগত সামঞ্জস্য দুই জনকে কাছে টেনে এনেছিল। সে স্মৃতি রোমন্থন করে রেনাতক বলেন, ‘ও আর সবার চেয়ে আলাদা ছিল। ওর বন্ধু হতে পারাটা গর্বের।’