উড়ন্ত রাজশাহীর সামনে বরিশাল

স্পোর্টস রিপোর্টার

টুর্নামেন্ট শুরুর আগেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে হারিয়ে বসেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। পদ্মা পাড়ের দলটিকে নিয়ে খুব বড় আশা ছিল না কারোই। কিন্তু দুই ম্যাচ খেলে শতভাগ জয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপের পয়েন্ট টেবিলের শীর্ষ দল এখন রাজশাহী। তবে নিজেদের তৃতীয় ম্যাচে কিছুটা পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

আজই প্রথম রাতের ম্যাচে খেলবে দলটি। সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে শান্ত বাহিনী। কন্ডিশনই পরীক্ষার মুখে ফেলতে পারে তাদের। কারণ গত দুই দিনই রাতের ম্যাচে শিশির তথা ডিউ ফ্যাক্টর কার্যকর ছিল। যা ভাবাচ্ছে রাজশাহীকে। গতকাল দলটির বাঁহাতি স্পিনার আরাফাত সানি বলেছেন, ‘রাতের বেলায় যেহেতু খেলা ডিউ একটা ফ্যাক্টর আছে। সুতরাং ঐভাবে প্ল্যান করেই আমরা এগোচ্ছি। যেহেতু দুটা ম্যাচ জিতেছি, পরের ম্যাচে আমাদের অবশ্যই ফোকাস থাকবে জয় পাওয়ায়।’

অবশ্য প্রতিপক্ষ বরিশাল কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে রাজশাহীকে সেটাও ভাবনার বিষয়। আরিফুল হকের ধ্বংসলীলা, মিরাজের বাজে বোলিংয়ে জয়ের খুব কাছে গিয়েও শেষ ওভারে প্রথম ম্যাচ হেরে গিয়েছিল বরিশাল। ম্যাচের অন্তিমে এসে এমন হারের হতাশা কাটিয়ে উঠা যে কোনো দলের জন্যই সহজকর্ম নয়।

যদিও গতকাল বরিশালের কোচ সোহেল ইসলাম বলেছেন, প্রথম ম্যাচের হার ভুলে সামনের দিকে তাকিয়ে আছে তার দল। আরিফুলের চার ছক্কার প্রহার ভুলে থাকার চেষ্টায় আছে দলটি। কোচ সোহেল ইসলাম গতকাল বলেছেন, ‘আমরা শেষ ম্যাচ নিয়ে আর কোনো চিন্তা করছি না। আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবছি। আমরা একটা পরিকল্পনা করছি কালকের প্রতিপক্ষ নিয়ে।’

আজ দিনের প্রথম ম্যাচটি দারুণ লড়াইয়ের মঞ্চ হয়ে উঠতে পারে। এই ম্যাচে দুই শক্তিধর গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা পরস্পরের মুখোমুখি হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

আজকের খেলা

চট্টগ্রাম-খুলনা, দুপুর ১টা ৩০

বরিশাল-রাজশাহী,সন্ধ্যা সাড়ে ৬টা

(মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)