স্বপ্নের পদ্মা সেতুর বাকি দুই স্প্যান বসবে আগামী মাসে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১০ থেকে ১১ নম্বর পিয়ারের ওপর বসানো হয়েছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে মূল সেতুর ৫৮৫০ মিটার। গতকাল পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের দেশি-বিদেশি দক্ষ প্রকৌশলীদের প্রচেষ্টায় সফলভাবে স্প্যানটি বসানো হয় বলে জানান নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের। তিনি আরো জানান, ৩৮তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় বসানো হয়েছে ৩৯তম স্প্যান। আর পদ্মা সেতুর শতভাগ দৃশ্যমান হতে প্রয়োজন দুটি স্প্যান। টার্গেট অনুযায়ী অক্টোবর মাসে চারটি স্প্যান বসানো হয়েছে। চলতি মাসেও চারটি বসানো হলো। আর বিজয় দিবসের পূর্বেই বাকি দুটি স্প্যান বসানো হবে বলে জানান প্রকৌশলীরা। স্প্যান দুটি প্রস্তুত অবস্থায় রাখা আছে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে। সর্বশেষ স্প্যানটি বিজয় দিবসের পাঁচ দিন পূর্বে ১০ ডিসেম্বর বসানোর জন্য পুরোদমে চলছে কর্মযজ্ঞ।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান শুরু হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় ৩৯টি স্প্যান। ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫০ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার দৃশ্যমান হয়েছে। সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন আর নিচে চলবে ট্রেন।