মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী আজ

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র, জনতার মঞ্চের রূপকার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় মানবঢাল রচনা করে বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারলেও নিজেকে বাঁচাতে পারেননি তিনি। মস্তিষ্কসহ সর্বাঙ্গে বিঁধে থাকা গ্রেনেডের স্প্লিন্টারের দুঃসহ যন্ত্রণা নিয়ে চিকিত্সাধীন অবস্থায় ২০০৬ সালের ২৮ নভেম্বর ঢাকার এ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুর কাছে পরাজিত হন।

মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, মোহাম্মদ হানিফ ছিলেন একজন সত্ ও ন্যায়নিষ্ঠ রাজনীতিবিদ। নীতি ও আদর্শের সঙ্গে তিনি ছিলেন সব সময় আপসহীন। কোনো ধরনের প্রলোভন তাকে কখনো আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ তথা বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী, পরীক্ষিত এবং দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ এদেশের মানুষের হূদয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকবেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রয়াত মোহাম্মদ হানিফ ছিলেন একজন প্রজ্ঞাবান, বিচক্ষণ ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও সহযোগী সংগঠনসমূহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সকালে আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত, আজিমপুরস্থ মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।