ইত্তেফাক রিপোর্ট
স্বাধীনতার পর সত্তর-আশি-নব্বইয়ের দশকে আলী যাকের শুধু বাঙালি সংস্কৃতিকে ধারণই করেননি, তিনি তাকে প্রস্ফুটিত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বাদ আছর বনানী কবরস্থান প্রাঙ্গণে খ্যাতিমান অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরের নামাজে জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রণাঙ্গনের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরকে মঞ্চনাটকের দিকপাল উল্লেখ করে মেয়র বলেন, তিনি মননে মুক্তিযুদ্ধের চেতনাকে যেমনি ধারণ করছেন তেমনি শিল্প-সংস্কৃতিতেও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে তিনি আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসি মেয়রের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল উপস্থিত ছিলেন।