আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজে পায়, সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সম্মুখযোদ্ধা হিসেবে কর্মরত চিকিত্সকদের মধ্যে উন্নত মানের এন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।
করোনার বিরুদ্ধে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনার গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল। তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে। আপনারা জনগণের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করুন। ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে যে দাবি করেছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি রহস্যজনক তো বটেই। তবে এ রহস্যের পিছনে কারা আছে সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংকটের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের সকল নাগরিককে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা দেশের বিশিষ্ট চিকিত্সক নেতৃবৃন্দ ও চিকিত্সকদের মধ্যে উন্নতমানের কেএন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। গতকাল বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিত্সক পরিষদ, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির যৌথ উদ্যোগে পরিচালিত টেলিমেডিসিন টিমের সদস্যদের মধ্যে কেএন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন।