বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মামুনুল হকের চট্টগ্রাম আগমন প্রতিহত করতে নগরীর বিভিন্ন পয়েন্ট ও হাটহাজারী সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভে সংগঠন দুটির শত শত কর্মী অংশ নেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ার পুড়িয়ে ও কুশপুত্তলিকা দাহ করে মামুনুল হককে প্রতিহত করার ঘোষণা দেন।
এদিকে প্রতিহতের ঘোষণার মধ্যেই মামুনুল হক চট্টগ্রামে এসে পৌঁছেন বলে গতকাল সন্ধ্যায় আয়োজক সূত্র জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানান, মামুনুল হক হাটহাজারী মাদ্রাসায় বিশ্রাম করছেন। রাতে তার মাহফিলে বক্তব্য রাখার কথা।
জানা যায়, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গতকাল শুক্রবার সন্ধ্যার পর মামুনুল হকের বক্তব্য রাখার কথা। আল আমিন সংস্থার ব্যানারে আয়োজন করা হলেও এই মাহফিলের পেছনে মূলত হেফাজতে ইসলাম সংশ্লিষ্টরাই ছিলেন বলে সূত্র জানিয়েছে। মাহফিলে মামুনুল হককে সংবর্ধনা দেওয়া হবে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
এদিকে মামুনুল হকের চট্টগ্রাম আগমন নিয়ে গত কিছু দিন ধরে চট্টগ্রামে উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার মামুনুল হকের আগমন প্রতিহতের ঘোষণা দিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে অবস্থান নেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরের পর নগরীর অক্সিজেন মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ করেন নগর ছাত্রলীগের শতাধিক কর্মী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে অবস্থান নিয়ে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করেন। যদিও ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দেয় নগর ছাত্রলীগ।