করোনাকালে যারা বিদেশ থেকে ফিরে এসেছেন বা দেশে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন তাদের প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বঙ্গবন্ধু দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে বাস্তবায়িত হচ্ছে। গতকাল শুক্রবার নগরীর নূরনগরে নবনির্মিত বিভাগীয় প্রাণিসম্পদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মহামারি করোনার ছোবলে অনেক প্রবাসী কাজ হারিয়েছেন। তাদের জন্য নানামুখী প্রণোদণা প্যাকেজের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রাথমিক পর্যায়ে ৬ লাখ ৯৬ হাজার কৃষক ও উদ্যোক্তার মধ্যে ৯০০ কোটি টাকা বিতরণ করা হবে। পরবর্তীতে আরো ৪ হাজার কোটি টাকা প্রণোদণা দেওয়া হবে। মন্ত্রী বলেন, মাংস ও ডিম উত্পাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। সে দিন আর খুব বেশি দূরে নয় যেদিন আমরা প্রাণিজ খাদ্য বিদেশে রপ্তানি করব।
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নথুরাম সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা প্রমুখ।