২৫ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হচ্ছে আজ

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১০৫ জন। একক প্রার্থী চূড়ান্ত করতে আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এবার সংশ্লিষ্ট জেলা/উপজেলা/পৌরসভা আওয়ামী লীগের       সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীর বাইরে অন্য কারও কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করছে না আওয়ামী লীগ। গত চার দিন মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমাদানের এই কার্যক্রম চলে। গতকাল ছিল শেষ দিন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা সদর, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।