পাঁচ মানব পাচারকারীকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

অবৈধভাবে আমেরিকা, ইউরোপ ও লিবিয়াসহ মধ্যপ্রাচ্যে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ মানব পাচারকারীকে ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

ইন্টারপোল বাংলাদেশ শাখার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম বলেন, লিবিয়ায় মানব পাচারকারীদের মধ্যে পাঁচ জনকে চিহ্নিত করা হয়েছে। গত বুধবার পাঁচ জনকে ধরতে রেড নোটিশ জারি করা হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থান শনাক্ত করা হয়েছে। বাকি দুই জনের অবস্থান এখনো জানা যায়নি।

সূত্র জানায়, এর আগে গত ৬ নভেম্বর মিন্টু মিয়া নামে এক মানব পাচারকারীর নামে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারকারী দালাল চক্রের হাতে ২৬ বাংলাদেশি নিহত এবং ১১ বাংলাদেশি মারাত্মকভাব আহত হন। নৃশংস এই হত্যাকাণ্ডের পরই টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

এনসিবির সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম বলেন, এবারই প্রথম বাংলাদেশি কোনো মানব পাচারকারীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে। যে পাঁচ জনের নামে রেড নোটিশ জারি করা হয়েছে, তার এক জন তানজিলুর ওরফে তানজিলুম ওরফে তানজিদ। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে। সে আগে থেকেই লিবিয়ায় অবস্থান করছে। একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জাফর ওরফে জাফর ইকবালের নামেও রেড নোটিশ জারি হয়েছে। তিনিও আগে থেকেই লিবিয়ায় আছেন। লিবিয়ায় অবস্থানকারী স্বপনের নামেও রেড নোটিশ জারি হয়েছে। তার বাড়িও একই উপজেলার শম্ভুপুরে। মাদারীপুর সদরের মধ্যাহাউসদি গ্রামের নজরুল মোল্লা এবং ঢাকার কামরাঙ্গীরচরের শাহাদাত হোসেনের অবস্থান এখনো জানা যায়নি।