আমাদের দেশে প্রায়শই বিভিন্ন বিদ্যুেকন্দ্রে দুর্ঘটনা বা ত্রুটির কারণে অঞ্চলভিত্তিক বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন থাকে। কিছুদিন আগেও সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সম্পূর্ণ সিলেট শহর এবং সুনামগঞ্জের কিছু এলাকার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ৩৩ ঘণ্টা পরে নগরীর এক-চতুর্থাংশ এলাকায় বিদ্যুত্ সংযোগ মিলেছিল। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু এ দীর্ঘ সময় বিদ্যুত্ না থাকায় সিলেট শহরে প্রায় সবাই যে সমস্যায় পড়েছে, সেটি হলো—বাসাবাড়িতে প্রয়োজনীয় পানির সংকট। শুধু সিলেট শহরেই নয়, অন্যান্য শহরাঞ্চলেও অপ্রত্যাশিতভাবে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন থাকলে এই সমস্যার সৃষ্টি হয়। কারণ শহরের বাসাবাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই বৈদ্যুতিক মোটর দিয়ে ভগর্ভস্থ পানি উত্তোলন করে তা সরবরাহ করা হয়। যার ফলে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন থাকলে পানি হয়ে পড়ে দুষ্প্রাপ্য। তাই এ সমস্যা থেকে মুক্তির জন্য শহরের আবাসিক এলাকায় জলাধার সৃষ্টি করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। বর্তমানে যেসব জলাধার রয়েছে সেগুলো নিয়মিত সংস্কার করা হলে সংকটকালে পানির সমস্যা হবে না এবং পাশাপাশি শহরের সৌন্দর্য বাড়বে।
নুর মোহাম্মদ শাওন
শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া