করোনার টিকা নিয়ে নানান কথা শুনতে পাচ্ছি। গবেষণা প্রতিষ্ঠানগুলো এই মহামারির টিকা তৈরির কথা ঘোষণা করছে একেক সময়ে। প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু টিকার ওপর নির্ভর করব? নিজেদের দায়িত্বশীলতা নিয়ে আমরা কেন অবহেলা করছি? সচেতনতাই প্রতিরোধ—একে গুরুত্ব না দিলে নিজে আক্রান্ত হওয়ার পরে আর একজনকে সংক্রমণের পথে নিয়ে যাওয়া দায়িত্বহীনতার পরিচয় বলতে পারি। অথচ কঠিন কাজ নয় করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা। পাঁচ-দশ টাকায় একটি মাস্ক পাওয়া যায়। অথচ দেখুন অনেকেই দশ-বারো টাকায় সিগারেট কিনে ফুঁকছে আর এমন লোকদের দেখেছি মাস্ক ব্যবহার না করতে। এই রকম প্রচুর লোক পাওয়া যাবে। হাত ধোয়া কঠিন কোনো কাজ নয়। আসলে সবকিছুতে অবহেলা। এই ধরনের মনোভাব আমাদের নিজেদের ক্ষতি করবে। শুধু নিজেদের ক্ষতি নয়, নিজের পরিবার, সমাজ ও দেশের ক্ষতি করছি শুধু সচেতন না হয়ে। প্রতিটি পরিবারে এই দায়িত্বশীলতা গড়ে উঠুক যে—আমরা সবাই করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব এবং আমাদের পাড়া-প্রতিবেশীদের অনুপ্রাণিত করব। নিজেরা দায়িত্বশীল হয়ে সবাই সবার পাশে থাকব । সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে—আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।
মোহাম্মদ হুমায়ুন কবির
দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম