নাগেশ্বরী হানাদার মুক্ত দিবস আজ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

আজ ২৯ নভেম্বর, রবিবার নাগেশ্বরী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর প্রবল আক্রমণে পরাজিত পাক বাহিনী নাগেশ্বরী ছেড়ে চলে যায়।

‘৭১-এর ২০ নভেম্বর উপজেলার রায়গঞ্জে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর প্রবল আক্রমণে ক্ষতিগ্রস্ত পাক বাহিনীর ২৫ পাঞ্জাব রেজিমেন্ট পিছু হটে নাগেশ্বরীর দক্ষিণ ব্যাপারীহাটে শক্ত ডিফেন্স গড়ে তোলে। এরপর মুক্তি বাহিনী ও ভারতীয় বিএসএফের ১২ রাজপুতনা রাইফেলস সংগঠিত হয়ে ২৮ নভেম্বর রাতে আবারও তাদের ওপর সাঁড়াশি আক্রমণ চালায়। পরাজিত পাক সৈন্যরা ২৯ নভেম্বর ভোরে দক্ষিণ ব্যাপারীহাট ছেড়ে কুড়িগ্রামে পালিয়ে যায়। পাকিস্তানি হানাদার মুক্ত হয় নাগেশ্বরী। উল্লাসে ফেটে পড়া নাগেশ্বরীবাসী ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। সর্বত্র উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।