পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

‘কৃষক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, বাংলার মেহনতি মানুষ এক হও’ এই স্লোগানে পাবনা চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশনের ডাকে শনিবার ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দফা দাবিতে শহরের রেলগেট হতে পোস্টঅফিস মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষি ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন ও পথসভা শেষে শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা স্থানীয় জাতীয় সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালন করে। ঘণ্টাব্যাপী অবস্থানকালে আশপাশের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে অসুস্থ মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপির  সঙ্গে নেতারা দেখা করলে তিনি চিনিকলের আন্দোলন ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আখচাষি ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তরা বলেন, সরকারকে বিব্রত করার জন্য ছয়টি চিনিকল বন্ধের ষড়যন্ত্র চলছে। লোকসানের অজুহাতে যদি চিনিকল বন্ধই করতে হয়, তাহলে দেশের ১৫টি চিনিকলই একযোগে বন্ধ করতে হবে বলে তারা দাবি করেছেন।

এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, জাসদের জেলার নেতা জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষক লীগ নেতা ফজলুর রহমান মালিথা, আখচাষি নেতা আনসার আলী ডিলু, পাবনা চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, কৃষক নেতা মুরাদ মালিথা, সাঁড়া ইউপির চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরের চেয়ারম্যান বাবলু মালিথা, স্বেচ্ছাসেবক লীগের কবির আলী হিরু, আখচাষি ফেডারেশনের নেতা ইদ্রিস মণ্ডল, যুবলীগ নেতা মাসুদ রানা প্রমুখ। সঞ্চালনা করেন চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল ও  শ্রমিক নেতা জাহিদুর রহমান জাহিদ।