সমন্বিত সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসসির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৭৭১টি পদের বিপরীতে পরীক্ষায় মোট ১ লাখ ৪০ হাজার ১৫৫ জন প্রার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলো—সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক। নিয়োগ পরীক্ষার বিষয়ে আরিফ হোসেন খান জানান, ‘নিয়োগ পরীক্ষার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেটা পিছিয়ে দিতে হয়েছে।’ নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।