অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
দ্বিতীয় ওয়ানডে আজ
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচের হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিডনিতে আবার স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে। আগের ম্যাচে বোলারদের অসহায় আত্মসমর্পণের পর অধিনায়ক বিরাট কোহলির মূল চিন্তা এখন নিজেদের বোলিং আক্রমণকে নিয়েই।
সেই চিন্তার ভাঁজটা একটু কম হতে পারত যদি হার্দিক পান্ডিয়াও যোগ হতেন তার বোলিং আক্রমণে। গত বছরের অক্টোবরে কোমরের সার্জারি থেকে ওঠার পর এখনো বল হাতে মাঠে নামেননি এই অলরাউন্ডার। কিন্তু প্রথম ম্যাচে ব্যাট হাতে দলের অন্যতম পারফরমার ছিলেন তিনি, খেলেছিলেন ৭৬ বলে ৯০ রানের লড়াকু ইনিংস।
এরপর পান্ডিয়া এখনই বোলিংয়ে নামার ঝুঁকি নিচ্ছেন না। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ, তাড়াহুড়ো করে বোলিংয়ে নেমে পড়লে আছে ইনজুরির শঙ্কাও। সেটা এড়াতেই শিগিগরই বোলিংয়ে ফিরতে চান না ভারতীয় এই অলরাউন্ডার, ‘আমি একটা দীর্ঘস্থায়ী লক্ষ্যের দিকে তাকিয়ে আছি। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বল হাতে শতভাগ প্রস্তুত থাকতে চাই। সামনে বিশ্বকাপ আসছে, গুরুত্বপূর্ণ কিছু সিরিজ আসছে।’
শুধু বোলিংয়েই কোহলির দুশ্চিন্তা শেষ হচ্ছে না। প্রথম ম্যাচে স্লো ওভার রেটের জন্য পুরো ভারত দলকেই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। স্লো ওভার রেট এবং খেলার ধীরগতি নিয়ে ম্যাচসেরা স্টিভ স্মিথ বিরক্তিই প্রকাশ করে বসেছিলেন।
অন্যদিকে দুর্দান্ত শুরুর পরও অস্ট্রেলিয়ীয় শিবির ঠিক চিন্তামুক্ত নেই। প্রথম ম্যাচে ইনজুরির জন্য মাঠ ছাড়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে ছাড়াই দ্বিতীয় ওয়ানডেতে নামতে হতে পারে তাদের। সেদিন বোলিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়া স্টয়নিসের লো গ্রেড সাইড স্ট্রেইন ধরা পড়েছে বলে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র। ম্যাচের আগে তিনি পুরোপুরি সুস্থ না হলে অভিষেক হতে পারে তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের।