সেপার্টস ডেস্ক
করোনা পরীক্ষার ঝামেলায় লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলারই কথা ছিল না শহিদ আফ্রিদির। সেখানে নেমেই দীর্ঘ তিন বছর পর অর্ধশতকের দেখা পেলেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
২০১৭ সালের ২২ আগস্ট ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো শতকের দেখা পেয়েছিলেন আফ্রিদি। সেই থেকে এখন পর্যন্ত ৬৩টি ম্যাচ আর ৫১ ইনিংসে ব্যাট হাতে খেললেও ৫০-ই পেরোতে পারেননি সাবেক পাকিস্তান অধিনায়ক। সে খরা মেটান গত শুক্রবার জাফনা স্ট্যালিয়ন্সের বিপক্ষে।
প্রথমে ব্যাট করা গল গ্ল্যাডিয়েটর্স তার ২৩ বলে ৫৮ রানে ভর করে সংগ্রহ করে ১৭৮ রান। এরপরও অবশ্য তার দল গ্ল্যাডিয়েটর্স হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। গলের হয়ে আফ্রিদির খেলা অনিশ্চয়তায় পড়ে মূলত ফ্লাইট মিস করার কারণে। নির্ধারিত সময়ের পরে শ্রীলঙ্কায় পা রাখায় কোয়ারেন্টাইন নিয়ম মেনে দুই ম্যাচ মিস করার শঙ্কা তৈরি হয়েছিল তার। তবে শেষ সময়ে অ্যান্টিবডি পরীক্ষায় সে নিয়ম থেকে মুক্তি মিলে তার। মাঠে নেমেই অবশ্য গলের অধিনায়ক বনে গেছেন আফ্রিদি।