প্রিমিয়ার লিগ ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া হবে

স্পোর্টস রিপোর্টার

গত মার্চে করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। নিকট ভবিষ্যতে কখন আবার মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ, তাও স্পষ্ট নয়। তবে বিসিবি প্রিমিয়ার লিগ শুরুতে করতে চায় বলে জানিয়েছেন সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) চেয়ারম্যান কাজী ইনাম।

করোনার কারণে জৈব সুরক্ষা বলয় তৈরি, ১২টি ক্লাবকে পরিচালনা কঠিন কর্ম। লিগ শুরু নিয়ে কয়েকটি পরিকল্পনা করছে বিসিবি। এমনকি ক্লাবের ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার চিন্তা করছে সিসিডিএম। গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই বলেছেন কাজী ইনাম। 

প্রিমিয়ার লিগ শুরুর বিষয়ে জানতে চাইলে সিসিডিএম চেয়ারম্যান বলেছেন, ‘আমাদের কয়েকটা অপশনস আছে। একটা হলো ঢাকার বাইরেও এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি। আমরা এখনো দেখছি যে—কী করা যায়। যদি আমরা ঢাকার ভেতরে করি এখন কিন্তু ডিফরেন্ট হোটেল ব্যবহার করতে হতে পারে, একই সময়ে আর একটা বিষয় আমরা কিন্তু আলাপ করেছি। যেহেতু আমরা দেখছি বিশ্বব্যাপী এবং বাংলাদেশের সরকার বলছে একটি ভ্যাকসিন অতি দ্রুত আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সব প্লেয়ারকে ভ্যাক্সিনেট করে এবং তার সঙ্গে যারা ইনভলব আছে সবাইকে ভ্যাক্সিনেট করে খেলাটাকে পরিচালনা করতে পারি কি না।’ প্রয়োজনে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হলেও প্রিমিয়ার লিগ শুরু করার চিন্তা করছে বিসিবি। তবে সেটা জানুয়ারির আগে নয়। কারণ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ রয়েছে বাংলাদেশের।