ইত্তেফাক রিপোর্ট
ছুটির দিনের সন্ধ্যায় গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো দুটি নাট্যদলের দুটি নাটক। এর মধ্যে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক ‘কহে ফেসবুক’ ও একই সময়ে স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় থিয়েটার ৫২ এর নাটক ‘কালিদাস’।
প্রযুক্তিনির্ভর এই যুগে মানুষের আঁতুড় ঘর থেকে কবরস্থান সর্বত্রই স্থান করে নিয়েছে ইন্টারনেট। এই অন্তর্জালীয় যোগাযোগ ব্যবস্থার বিশাল সমুদ্রে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। দৃশ্যমান এই জগতে ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগত্, যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামেই পরিচিত। এর প্রভাবে পরিবার, সমাজ থেকে আলাদা হয়ে মানব জীবন পরিণত হয়েছে এক জৈবিক রোবটে। এসব ঘটনা নিয়েই বিন্যস্ত হয়েছে ‘কহে ফেসবুক’ নাটকটির কাহিনী।
মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সুরভী রায়, রুবল চৌধুরী, সাজ্জাদ সাজু, প্রিন্স জন, শারমিন হায়াত দীপা, মাহফুজ মুন্না, কামরুল হাসান, সাঈদ সুমন প্রমুখ।
অন্যদিকে, একই সময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ ‘কালিদাস’ নাটকটিতে তুলে ধরা হয়েছে মহাকবি কালিদাসের জীবনের নানা দিক। নাটকটিতে উঠে এসেছে কালিদাসের সাহিত্য ও তার বিভিন্ন কালের নানা বয়সের নানা ঘটনার কথা। থিয়েটার ৫২ প্রযোজিত অপূর্ব কুন্ডু রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন জয়িতা মহলানবীশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জয়িতা মহলানবীশ, মো. নজরুল ইসলাম, এম পারভেজ, রুদ্র রায় অপু, সাপলুর রহমান দিপু, মো. রাসেল প্রমুখ। অর্ধেক আসন ফাঁকা রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই মঞ্চায়ন হয় নাটক দুটি।