ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। কোনো অপশক্তি নেই এটা প্রতিহত করার। যারা এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা নেবে, জনগণ প্রতিহত করবে। গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মোহাম্মদ হানিফ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরান, জর্ডান এমনকি পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে দাবি করে হানিফ বলেন, ‘ঐসব দেশে ভাস্কর্য নিয়ে তো কেউ কথা বলে না।’ এ সময় বিএনপির বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির রাজনীতি মিথ্যাচার ও অভিযোগে ভরা।’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহম্মেদ মান্নাফির সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, শহিদ সেরনিয়াবাত ও সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল ও মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন ও গোলাম সারোয়ার কবির, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।