৯০ এ স্বৈরাচারবিরোধী নয়, ছিল স্বৈরাচার প্রতিষ্ঠার আন্দোলন —জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ৯০ এর আন্দোলন স্বৈরাচারবিরোধী ছিল না, বরং সেটা হয়েছে স্বৈরাচার প্রতিষ্ঠার আন্দোলন। কায়েমী স্বার্থবাদীরাই তাদের স্বার্থ রক্ষার জন্য ঐ আন্দোলনে ইন্ধন যুগিয়েছে। আর সেকারণেই উপজেলার মাধ্যমে প্রশাসনিক সংস্কার, ওষুধনীতি, ভূমি সংস্কার এবং বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার মতো যুগান্তকারী পদক্ষেপগুলো মুখথুবড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের জনগণ। তিনি গতকাল তার বনানী কার্যালয়ের মিলনায়তনে রাজশাহী বিভাগীয় জাপার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে এখন রাজনৈতিক শূন্যতা এবং অস্থিরতা বিরাজ করছে। জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও জহিরুল ইসলাম জহির প্রমুখ।