ইত্তেফাক রিপোর্ট
স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের তপশিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রবিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এই দিন কোন ধাপে কোন পৌরসভা এবং কখন ভোট হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ছাড়া এ দিন ইসির নিবন্ধনে থাকা রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-এর নিবন্ধন বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়টিও রাখা হয়েছে সভার এজেন্ডায়। ইসির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনে বিকাল ৩টায় কমিশন সভা আহ্বান করা হয়েছে। এই সভায় চার নির্বাচন কমিশনার, ইসির সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ দিন বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে কত টাকা ফি নেওয়া যায় তা নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসির সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে পৌরসভায় ভোটের জন্য নির্বাচন উপযোগী ১৯৬টি পৌরসভার তালিকা কমিশন সভার নথিতে উপস্থাপন করা হয়েছে। আজকের সভায় এগুলোর মধ্য থেকে বাছাই করে দ্বিতীয় ধাপের তপশিল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। এর আগে গত রবিবার প্রথম ধাপে ২৫ পৌরসভায় তপশিল দেয় ইসি। আইন অনুযায়ী পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রায় দুই শতাধিক পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।