গণতন্ত্র চর্চায় বহু দল ও মতকে গুরুত্ব দিতে হবে ------- তাসমিমা হোসেন

জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক এবং পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, গণতন্ত্র চর্চায় বহু দল ও বহু মতকে গুরুত্ব দিতে হবে। গণতন্ত্র মানে সবার অংশগ্রহণ। যেখানে প্রত্যেক দলের সমান অধিকার ও রাজনীতি করার সমান সুযোগ থাকবে। যে রাজনীতিতে মানুষের উন্নয়ন হয়, মানুষের সম্পদ হরণের ঘটনা ঘটে না, তার পরিবর্তে জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত হয়, সেটাই জেপির রাজনীতি।

গতকাল শনিবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী জাতীয় পার্টি-জেপির কার্যালয়ে এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তাসমিমা হোসেন আরো বলেন, আমাদের চোখ-কান খোলা রেখে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আপনাদের নেতা এই এলাকার সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত  এলাকায় যে উন্নয়নের সাক্ষ্য রেখে চলেছেন তার মর্যাদা রক্ষা করতে হবে। আগামী সাধারণ নির্বাচনে আমাদের দল অংশ নেবে এবং সে উদ্দেশ্যেই জাতীয় পার্টি-জেপিকে শহর থেকে গ্রাম পর্যন্ত সাংগঠনিক শক্তি নিয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্ম যারা আমাদের দলের হয়ে কাজ করবে তারা আদর্শবান, সুশৃঙ্খল এবং সচেতন হবে এমন প্রত্যাশা করি।

তাসমিমা হোসেন আরো বলেন, করোনা পরবর্তীকালে রাজনীতি-অর্থনীতি-সমাজব্যবস্থায় যে নতুন পরিস্থিতির সৃষ্টি হবে তা মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। অন্যদিকে, নারীদেরকে তাদের পরিবারের সদস্যদের শিক্ষিত, সচেতন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বলীয়ান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হতে হবে। তাহলে দেশের, সমাজের এবং পরিবারের অধিকতর মঙ্গল নিশ্চিত হবে।

জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠন জাতীয় মহিলা পার্টির ইন্দুরকানী উপজেলার পাঁচটি ইউনিয়নের নবগঠিত কমিটির নেত্রীদের পরিচিতি সভায় তাসমিমা হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু ও তাসমিমা হোসেন দম্পতির যুক্তরাষ্ট্র প্রবাসী কন্যা প্রাতিষ্ঠানিক আইনজীবী মানিজা হোসেন। ইন্দুরকানী উপজেলা জেপির আহ্বায়ক আসাদুল কবির তালুকদার স্বপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জেপির সদস্যসচিব শাহীন হাওলাদার, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী সুলতানা রাজিয়া (রানী), সাধারণ সম্পাদিকা রাশিদা হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার বাবুল, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম দোদুল, কাওছার আহমেদ দুলাল, হারুন অর রশীদ পান্না, যুব সংহতির সভাপতি মজনু হোসেন রনি, ছাত্রসমাজের সভাপতি আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।

দুস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

এদিকে, আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত বেসরকারি সংগঠন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল ইন্দুরকানীতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তাসমিমা হোসেন। এ সময় ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ও প্রভাষক শারমীন হোসেন উপস্থিত ছিলেন। দুস্থ কল্যাণ সংস্থার পক্ষে আতিকুজ্জামান খোকন ও সংস্থার ম্যানেজার কাজী আতাহার আলী ত্রাণ কাজ সমন্বয় করেন।