ময়মনসিংহে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ

ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই স্বামী ফুয়াদ হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফিরোজ তালুকদার বলেন, ২০১৪ সালে জামতলা মোড়ের নাসিম হোসেনের ছেলে ফুয়াদ হোসেনের সঙ্গে একই এলাকার মৃত আবদুল জলিলের মেয়ে মুনমুন মুনার (২৫) বিয়ে হয়। তাদের চার বছর বয়সি একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এরই               জেরে ফুয়াদ তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে। মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ ও তার বাড়ির লোকজন পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মামা ফারুক হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফুয়াদ তাদেরকে মোবাইল ফোনে জানায়, মুনা অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নিতে হবে। পরে মুনাকে হাসপাতালে রেখে ফুয়াদ সটকে পড়ে।

তিনি আরো বলেন, শ্বশুর বাড়ির লোকজন প্রায় সময়েই যৌতুকের জন্য মুনাকে মারপিট করত। সংসার টেকানোর জন্য জায়গা বিক্রি করেও ফুয়াদকে টাকা দেওয়া হয়েছে।