শাহ মখদুম মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এমডি মনিরুজ্জামান স্বাধীনের স্ত্রী বিউটি খাতুন ও সহোদর মেহেদী হাসান মিথুলকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যার এই হামলার ঘটনায় রাতেই এমডি স্বাধীনসহ ২২ জনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মামলা করেন আহত শিক্ষার্থী আশিকুর রহমান। নগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির জানান, হামলার ভিডিও ফুটেজ দেখে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিত্সা শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে একটি টিম শাহ মখদুম মেডিক্যাল কলেজ পরিদর্শন করেছে। অন্যদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে মাইগ্রেশান সম্পন্ন করার দাবি জানান। শিক্ষার্থীরা পরিদর্শন টিমের কাছে অভিযোগ করেন, ২০১৩ সালে শিক্ষা কার্যক্রম চালুর পর প্রাইভেট মেডিক্যাল কলেজ পরিচালনার কোনো শর্তই পূরণ না হলেও ফি-বছর শিক্ষার্থী ভর্তি অব্যাহত ছিল।

কলেজের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে ৪০ জন শিক্ষক রয়েছে এবং সবকিছু ঠিকঠাক চলছে—এমন তথ্য প্রচার করে প্রতিটি সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু বাস্তবে ভাড়া করা শিক্ষক ও মেডিক্যাল সরঞ্জাম দেখিয়ে একাডেমিক অনুমতি নবায়ন করছিল            কলেজ কর্তৃপক্ষ। আর শিক্ষার্থীদের থেকে নেওয়া টাকায় প্রতি বছর জমি কেনা ও ভবন তৈরি করা হয়। শিক্ষার্থীদের পড়ালেখা বলতে কিছুই হয় না। শিক্ষার্থীরা জানান, শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করার পরপরই এমডি স্বাধীনের ভাই মেহেদী হাসান মিতুলের নেতৃত্বে বহিরাগত ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন ছাত্রছাত্রী গুরুতর আহত হন। তবে প্রতিষ্ঠানের এমডি স্বাধীন দাবি করেন, শনিবার মন্ত্রণালয়ের পরিদর্শন টিম আসার খবর পেয়ে কতিপয় শিক্ষার্থী শুক্রবার সন্ধ্যায় কলেজে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করে। বাধা দিলে তারা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে।