গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৪

টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। গতকাল শনিবার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিত্ ধর (৪০), টুঙ্গিপাড়া  উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২), নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকামুদ্দিন মোল্লা (৫০) ও বাগেরহাটের চিতলমারী গ্রামের সৈয়দ আলী খানের ছেলে (অন্য গাড়ির হেলপার) ঠান্ডা মিয়া (৪৫)। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানান সদর উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৬০) নামে এক যাত্রী নিহত ও অটোরিকশাচালকসহ ছয় জন যাত্রী আহত হয়েছেন। গতকাল গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাহাপাড়া ইউনিয়নের তুলশীঘাট সংলগ্ন বুড়িরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন সদর উপজেলার বউলারপাড়া গ্রামের বাসিন্দা।