গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় শিল্প পুলিশের এক এসআই নিহত হয়েছেন। আহত হয়েছেন এক কনস্টেবল। শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গাজীপুর-ভুলতা সড়কে দুর্ঘটনাটি ঘটে।
গাজীপুর শিল্প পুলিশ লাইনের কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা ছাইফুর রহমান এবং কনস্টেবল তৌহিদুর রহমান তুহিন শনিবার মোটরসাইকেলযোগে সরকারি কাজে গাজীপুরে শিল্প পুলিশ লাইনে যাচ্ছিলেন। তারা গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে গাজীপুর-ভুলতা সড়কের মোগরখাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুই জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এসআই ছাইফুর রহমান (৪৬) মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কাভার্ডভ্যানটি। ময়নাতদন্তের জন্য নিহত ছাইফুরের মৃতদেহ গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। নিহত ছাইফুর রহমান ঠাকুরগাঁও জেলার সালন্দর থানার কচুবাড়ী কৃষ্টপুর এলাকার লুত্ফুর রহমানের ছেলে। আহত কনস্টেবল তুহিনের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ীতে। তারা দুই জনেই শিল্প পুলিশের ঢাকার সাভারস্থ বেক্সিমকো পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।