ঝিনাইদহে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই নিহত হয়েছেন। আজ রবিার সকালে হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক শাকিল আহম্মেদ (২৫) ও সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ুন আহম্মেদের ছেলে ট্রলি চালক শফিক উদ্দিন (৩০)।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম জানান, সদরের কিংশুক ইটভাটার ট্রাক্টর ট্রলি চালক শফিক মাটি আনতে হরিণাকুন্ডুর দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ট্রলি চালক শফিক ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলের চালক শাকিল হোসেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/কেকে