এ যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি। সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও স্টিভ স্মিথের সেঞ্চুরি ও অজি টপ অর্ডারের পরাক্রমশালী পারফরম্যান্সের জবাবে বিরাট কোহলিদের লড়াই অপর্যাপ্তই থেকে গেল। ৫১ রানের জয়ে প্রথম দুই ম্যাচেই সিরিজ নিশ্চিত করা ফিঞ্চদের জন্য ক্যানবেরার তৃতীয় ম্যাচটি এখন শুধুই নিয়ম রক্ষার। গতকাল রবিবার দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে মাঠে নামা অজিরা অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের কল্যাণে ১৪২ রানের শক্ত ভিত পায়। এর পরই শুরু স্মিথ ঝড়ের। নান্দনিক সব শটে করেন ৬৪ বলে ১০৪। অস্ট্রেলিয়া দাঁড় করায় ৩৮৯ রানের এক পাহাড়।
জবাবে ভারত ইতিবাচক শুরু করলেও ৯ ওভারেই হারায় দুই ওপেনারকে। এরপর অধিনায়ক কোহলি আরেকটা প্রায় অসম্ভব রান তাড়ার আশায় বাঁচিয়ে রেখেছিলেন একটা বড় সময় ধরে। তবে ৩২তম ওভারে হেইজেলউডের বলে দুর্দান্ত এক ক্যাচে তাকে ফেরান স্টয়নিসের বদলে দলে জায়গা পাওয়া মোজেস হেনরিকস। পরবর্তী সময় লোকেশ রাহুল এবং বাকি ভারতীয় ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও লক্ষ্য তাড়া করা আর হয়নি তাদের। ৩৩৮ রানে থামে সফরকারীদের ইনিংস। আগামী ২ ডিসেম্বর ক্যানবেরায় সিরিজের তৃতীয় ম্যাচে খেলবে দুই দল। কুঁচকির চোট নিয়ে মাঠছাড়া ওয়ার্নারকে নাও দেখা যেতে পারে সেদিন।