কটিয়াদী, গফরগাঁও ও কেশবপুর পৌরসভা নির্বাচন

প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে তৃণমূলের রাজনীতি

কিশোরগঞ্জের কটিয়াদী, ময়মনসিংহের গফরগাঁও ও যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচার-প্রচারণা ও জনসংযোগসহ নানা তত্পরতায় তৃণমূলের রাজনীতি সরব হয়ে উঠেছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদী পৌর নির্বাচনকে ঘিরে বড় দুই দলের মনোনীত প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। চা-স্টল, হাটবাজারে চলছে আলোচনা সমালোচনা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় রয়েছে নানা রকমের প্রতিশ্রুতি। নির্বাচন কমিশন প্রথম প্রর্যায়ে শিডিউল ঘোষণা না করলেও পুরোদমে চলছে প্রচারণা। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা ১০ জন, বিএনপির প্রার্থী সংখ্যা দুই জন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক গিয়াস উদ্দিন, সাংবাদিক নেতা হামিদ মো. জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা সম্পাদিকা সালমা আনিকা, শাহরিয়ার আহমেদ পাবেল, ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, বর্তমান কাউন্সিলর সোহরাব উদ্দিন, শরীফ আহম্মেদ ও মাহাবুবুর রহমান সোহেল। বিএনপি থেকে প্রার্থী হিসাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন সাবেক মেয়র উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন খান দিলিপ ও পৌর বিএনপির আহ্বায়ক গোলাম ফারুক চাষী। প্রার্থীরা স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখে মাঠে কাজ করে যাচ্ছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম বলেন, পৌর কমিটি দুই জনের নাম প্রস্তাব করে জেলায় প্রেরণ করবেন। জেলা কমিটি উক্ত প্রস্তাব কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়ে দেবেন। কেন্দ্র মনোনয়ন চূড়ান্ত করবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল বলেন, পৌর মেয়র পদে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড রয়েছে। বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে ত্যাগী, জনপ্রিয়দের মনোনয়ন দেবেন।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁও পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। আওয়ামী লীগের পক্ষে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। তিনি বলেন, আবার মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখব। এদিকে পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপির তত্পরতা লক্ষ করা যায়নি। গফরগাঁও পৌরসভা নির্বাচনে ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ।

কেশবপুর (যশোর) : কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য ৬৮ জন প্রার্থী। আওয়ামী লীগ ও বিএনপির একাধিক সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ইতিমধ্যে নির্বাচনি মাঠে নেমে পড়েছেন। পৌরসভার সম্ভাব্য মেয়র মনোনয়নপ্রত্যাশীর তালিকায় পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র রফিকুল ইসলাম মোড়ল ও পৌর বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। আব্দুস সামাদ বিশ্বাস দলের একক প্রার্থী হচ্ছেন বলে তিনি জানালেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মিলন মিত্র দলের কাছে মনোনয়ন চাইবেন বলে তারা জানান। তবে মেয়র রফিকুল ইসলাম মোড়ল ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস এই দুজন সকাল থেকে অধিক রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।