বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার চার দশক উদ্যাপন করেছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। ফেডারেশনের সাবেক চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেলদের সম্মাননা প্রদান, আলোচনা, নাটকের কোলাজ প্রদর্শন, নাচ ও গানের মধ্য দিয়ে সাজানো ছিল বর্ণাঢ্য এ আয়োজন। ১৯৮০ সালের ২৯ নভেম্বরে পথচলা শুরু করে প্রতিষ্ঠার চার দশক পার করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। নাট্যজন লাকী ইনামের সভাপতিত্বে বক্তৃতা করেন আতাউর রহমান, মামুনুর রশীদ, ম হামিদ, নাসির উদ্দিন ইউসুফ, দেবপ্রসাদ দুলাল দেবনাথ, ঝুনা চৌধুরী, কামাল বায়েজিদ, আক্তারুজ্জামান প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত নাট্যজন আলী যাকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর ফেডারেশনের সাবেক চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেলদের দেওয়া হয় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মাননা। প্রতিষ্ঠার চার দশক পূর্তির এই আয়োজনে ফেডারেশনের সম্মাননায় ভূষিত হন সাবেক চেয়ারম্যান রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের ও ম হামিদ। আর সাবেক সেক্রেটারি জেনারেল হিসেবে সম্মাননায় ভূষিত হন এস এম সোলায়মান (মরণোত্তর), ঝুনা চৌধুরী ও আক্তারুজ্জামান।
মামুনুর রশীদ বলেন, ‘গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রথম সভায় আমি উপস্থিত ছিলাম। শুরু থেকে আমি ফেডারেশনের বিরোধিতা করেছিলাম। আজ বুঝতে পারছি আমার সেই বিরোধিতা অমূলক নয়। কারণ সাংগঠনিকতা বৃদ্ধি পাওয়ায় সৃজনশীলতা কমে যাচ্ছে। যার কারণে নাটকের মানও এখন নিম্নমুখী। ঢাকার বাইরের নাটকের অবস্থা যাচ্ছেতাই। ঢাকার নাটকের উত্কর্ষতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার বাইরের নাটকের উত্কর্ষতা যদি বৃদ্ধি না পায় তাহলে আমি মনে করি নাটকের সামগ্রিক মান এখনো অনুন্নত।’