দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, দখলবাজি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ঘিওর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলা যুবলীগের সভাপতি বাবুল ব্যাপারী ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে দলীয় উপজেলা কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে সবার মতামতের ভিত্তিতে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাকে স্থায়ীভাব বহিষ্কার করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জেলা ও উপজেলা কমিটিকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি বাবুল ব্যাপারী বিষয়টি নিশ্চিত করেছেন।