পুলিশ বক্সে টয়লেট না থাকায় দুর্ভোগে নারী সদস্যরা

২ কোটি মানুষের শহর রাজধানী ঢাকা। এখানে চলে কয়েক লাখ যানবাহন। এসব নিয়ন্ত্রণ করে থাকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। জনবল একজন অতিরিক্ত কমিশনারের (ট্রাফিক) নেতৃত্বে ৪ হাজার ২১২ জন সদস্য। আছেন ৩৫ জন মহিলা সার্জেন্ট। ঘণ্টার পর ঘণ্টা সড়কে তারা ডিউটি করেন। কিছু কিছু এলাকায় ফুটপাত বা আইল্যান্ডে রয়েছে পুলিশ বক্স। দু-একটি পুলিশ বক্স ছাড়া অধিকাংশ ক্ষেত্রে টয়লেটের ব্যবস্থা নেই। দীর্ঘদিন চিঠি চালাচালি করেও কোনো ফল আসেনি। শুধু আশার প্রতিশ্রুতি। ট্রাফিক পুলিশের পুরুষ সদস্যরা কোনো না কোনোভাবে টয়লেটের কাজটি সারলেও চরম বিপাকে রয়েছেন নারী ট্রাফিক সার্জেন্টরা। এমনকি টয়লেটে যাতে কম যেতে হয়, সেজন্য হাড়ভাঙা ডিউটিতেও পানি পানের পরিমাণ কমিয়ে দিয়েছেন অনেকে। এমন অনুভূতি প্রকাশ করছিলেন একজন মহিলা সার্জেন্ট। তিনি তখন দায়িত্ব পালন করছিলেন তেজগাঁও সাতরাস্তার মোড়ে।

ঢাকা মহানগর পুলিশের তথ্যে জানা যায়, ডিএমপিতে নারী সদস্য কাজ করছেন ১ হাজার ৩২৫ জন। এর মধ্যে ট্রাফিকের কাজ করছেন ৩৫ জন নারী সার্জেন্ট। সার্জেন্টেদের পাশাপাশি সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে মাঝেমধ্যে নারী কনস্টেবলরাও দায়িত্ব পালন করে থাকেন।

মহানগর পুলিশের একজন উপ-কমিশনার (ট্রাফিক) বলেন, সাধারণত যেসব এলাকায় যানবাহন চলাচল কম, সেখানে দুই শিফটে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। যানবাহনের চাপ বেশি হলে চলে তিন শিফট ডিউটি। কাওরান বাজার এলাকায় দায়িত্ব পালনকারী নারী সার্জেন্ট শিল্পী আক্তার বলেন, একটানা ৮ ঘণ্টা দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশদের কম করে হলেও দুবার টয়লেটে যেতে হয়। ফলে বাধ্য হয়ে ছুটতে হয় দায়িত্ব পালন স্পটের আশপাশের কোনো মার্কেট, পেট্রোল পাম্প অথবা হাসপাতালের টয়লেটে। অনেক সময় সেখানে অপেক্ষমাণ আরো কয়েকজন। আবার রাত ৮টার মধ্যে বন্ধ হয়ে যায় মার্কেট বা বিপণিবিতান। এমন পরিস্থিতির কারণে অনেকে টয়লেটে যাওয়ার ভয়ে দায়িত্ব পালনকালে ঠিকমতো পানিও পান করেন না।

ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, মাসের নির্ধারিত কয়েকটি দিন নারীদের ঋতু চলাকালে হাসপাতাল বা অন্য কোনো জায়গার টয়লেট ব্যবহার করাও অস্বস্তিকর। তাই নারীদের জন্য পুলিশ বক্সে আলাদা টয়লেট স্থাপন অতি জরুরি। শ্যামলী এলাকায় দায়িত্ব পালনকারী সার্জেন্ট ইসমত বলেন, ‘নিজস্ব টয়লেট না থাকায় ডিউটি পালনকালে আশপাশের হাসপাতাল বা ব্যাংকের ওয়াশরুম ব্যবহার করতে হয়।

ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আব্দুর রাজ্জাক বলেন, টয়লেট সমস্যার বিষয়টি সমাধান করা নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। তারা ওয়াশরুমের সুবিধাসহ কিছু ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করে দেবে বলে আশ্বাস পাওয়া গেছে। তিনিও টয়লেটের ব্যবস্থা না থাকা এবং বিশেষ করে নারী সদস্যদের বিড়ম্বনার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, রাজধানীতে উন্নয়নের কাজ (মেট্রোরেল) চলছে। আশা করি বক্সগুলোতে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে।