৩৮ জনের সাক্ষ্যগ্রহণ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার মামা আবদুল কাদের। সাক্ষ্যে তিনি বলেছেন, ভিডিও ফুটেজ দেখে বুয়েটের শেরেবাংলা হলের ছাত্র ও শিক্ষকদের কাছ থেকে তিনি জানতে পারেন যে আসামিরা তার ভাগ্নেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। যারা কাঠগড়ায় রয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গতকাল রবিবার এই জবানবন্দি গ্রহণ করেন। আবদুল কাদেরের জবানবন্দি ও জেরা শেষে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সিআইডির এসআই রকিবুল হাসান। এ নিয়ে রাষ্ট্রপক্ষে ৬০ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করল ট্রাইব্যুনাল।

গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় অভিযুক্ত ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে ২২ জন কারাগারে আছেন। বিচার চলাকালে আসামিদের ট্রাইব্যুনালের কাঠগড়ায় আনা হয়। গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। এরপর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযুক্ত ২৫ আসামি বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।