নিখোঁজ হওয়ার তিন দিন পর নদী থেকে তিন জুয়াড়ির মরদেহ উদ্ধার

জুয়ার বোর্ডে ডাকাতির ঘটনায় নিখোঁজ তিন জুয়াড়ির মরদেহ তিন দিন পর যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করেছে ভুঞাপুর ও সরিষাবাড়ী থানার পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার বাসুদেবকোল এলাকার যমুনা নদী থেকে নিখোঁজ গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের হাফিজুর রহমানের (৩৭) লাশ ভুঞাপুর থানার পুলিশ এবং পার্শ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাশুরিয়া এলাকা থেকে ভূঞাপুর উপজেলার নিকলাপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ফজল মণ্ডল (৩৩) ও সরিষাবাড়ী উপজেলার পাখিমারা গ্রামের শামছুল হকের ছেলে ছানোয়ার হোসেন ছানুর (৪০) মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ী থানার পুলিশ।

গত বৃহস্পতিবার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের দুর্গম চর বাশুরিয়া এলাকায় জুয়ার বোর্ডে হামলা চালায় ডাকাতের দল। এ সময় তারা হামলা চালিয়ে কয়েক জনকে গুরুতর আহত করে। এতে আত্মরক্ষার্থে তিন জুয়াড়ী নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়। নিহতদের স্বজনেরা জানান, পূর্বপল্পিতভাবে তাদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যমুনা নদীতে জেগে ওঠা চরে জুয়াখেলা চলছিল।

সরিষাবাড়ী থানার ওসি ফজলুল করিম জানান, যমুনা নদী থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভুঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, বাসুদেবকোল এলাকার যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।