দীর্ঘ ৯ বছর পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের পাঁচ মাস বয়সি শিশু আশিক হত্যার বিচারের রায় দিয়েছে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত। রবিবার রায় প্রদান করেন বিজ্ঞ জজ মো. জুলফিকার আলী খান। রায়ে আশিক হত্যার অভিযোগে পিতা মোস্তফার মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা যায়, ২০১১ সালের ২০ মে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে একটি মোবাইল কেনার ঘটনাকে কেন্দ্র করে স্বামী মোস্তফা ও স্ত্রী রোজিনার মধ্যে ঝগড়া বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে রোজিনার স্বামী মোস্তফা তার পাঁচ মাস বয়সি শিশুপুত্র আশিককে দুই পা ধরে আছড়িয়ে হত্যা করে।
এ বিষয়ে ঘাতক মোস্তফার স্ত্রী রোজিনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ৯ বছর পর মামলার রায় ঘোষণা করা হয়েছে।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন মামলার একমাত্র আসামি ঘাতক মোস্তফা জামিন নিয়ে পলাতক রয়েছে।