মৃতের সংখ্যা ৬ হাজার ৬০০ ছাড়িয়েছে

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৬ হাজার ৬০৯ জন। এর মধ্যে অর্ধেকের বেশি ষাটোর্ধ্ব বয়সি। করোনায় এ পর্যন্ত যত জন মারা গেছেন, তার মধ্যে ৩ হাজার ৫১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৭২৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭৯৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৪২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৪৭ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫৩ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩১ জনের বয়স ছিল ১০ বছরের কম। গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৮৮ জন। দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন হল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৩ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৩ জন পুরুষ আর নারী ছয় জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ১৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, আট জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ২৩ জন ঢাকা বিভাগের, দুই জন রংপুর, দুই জন চট্টগ্রাম, এক জন রাজশাহী এবং এক জন খুলনা বিভাগের বাসিন্দা।