আফগানিস্তানে দুই আত্মঘাতী বোমায় ৩১ সেনাসহ নিহত ৩৪

আফগানিস্তানে দুই আত্মঘাতী বোমা হামলায় ৩১ সেনাসহ ৩৪ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার দুটি হামলার ঘটনায় অনেকে আহতও হয়েছেন। তালেবান হামলার দায়িত্ব স্বীকার ও অস্বীকার কোনোটিই করেনি। খবর আলজাজিরার

মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে এক গাড়ি বোমা হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩১ জন সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, এই বিস্ফোরণ যেরকম শক্তিশালী ছিল, তাতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। গজনির একটি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত রয়টার্সকে জানিয়েছেন, তাদের হাসপাতালে ৩১ জনের মৃতদেহ এবং ২৪ জন আহত মানুষকে আনা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় হতাহত সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। এই হামলার জন্য টার্গেট করা হয়েছিল আফগান নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনা। বিস্ফোরণে আশপাশের অনেক বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে আরো অনেক মানুষ হতাহত হয়ে থাকতে পারে। এদিকে দক্ষিণ আফগানিস্তানে প্রাদেশিক পরিষদের প্রধানের গাড়িবহরে এক আত্মঘাতী হামলায় তিন জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। তালেবানের একজন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কিছু বড় বড় হামলা হয়েছে। কাতারের রাজধানী দোহায় আফগান সরকার এবং তালেবানের মধ্যে এক শান্তি আলোচনার মধ্যেই এসব হামলা চালানো হয়।