এবার রাজশাহীর শাহ মখদুম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুজ্জামান স্বাধীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন আবাসিক ছাত্রীরা। প্রতিষ্ঠানটির মালিক স্বাধীনের দুর্ব্যবহার ও যৌন হয়রানির কারণে তারা ভীতসন্ত্রস্ত বলে জানিয়েছেন। এসব নিয়ে প্রতিবাদ করলে স্বাধীন ও তার কর্মচারীদের রোষানলে পড়তে হয় শিক্ষার্থীদের।
অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি এই মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মনীতি ও শর্ত পূরণ না করায় গত ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি বন্ধের নির্দেশ দেয়।
জানা যায়, ২০১৪ সাল থেকে সাত ব্যাচে ১৩৯ জন ছাত্রী ও ৭১ ছাত্র ভর্তির পর তারা আবাসন সুবিধা পায়। আবাসিক ছাত্রীদের অভিযোগ, রাতে বিনা নোটিশে মেয়েদের কক্ষে ঢুকে যৌন হয়রানি করতেন প্রতিষ্ঠানটির এমডি স্বাধীন। এছাড়া টয়লেটে গোপন ক্যামেরা রেখে ছাত্রীদের নগ্ন ছবি তোলার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুব্ধ অভিভাবকেরাও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, রাত ১২টার পর এমডি তার রুমে মেয়েদের ডাকতেন। তখন রুমমেট দুই-এক জন সঙ্গে যেতে চাইলে তিনি আপত্তি করেন। যাকে ডাকা হবে, তাকে একা যেতে হবে। এ নিয়ে ক্ষুব্ধ এক অভিভাবক বলেন, আমরা ঐ লোকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এসব অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের অত্যাচার হয়ে থাকলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় দেখা হবে। এ বিষয়ে এমডি স্বাধীন আত্মগোপনে থাকায় এবং তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।