আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আমরা কারিগরি শিক্ষার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষার ইমপ্রুভমেন্ট অন্তত ৫০ ভাগে নিয়ে যেতে হবে। গতকাল রবিবার মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সব শিক্ষার্থী মানসম্মত শিক্ষার মাধ্যমে বিশ্ব নাগরিকে পরিণত হবে। শেখ হাসিনার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা যে পরিকল্পনাই গ্রহণ করেন তারা (বিরোধী দল) বলেন উচ্চাভিলাষী পরিকল্পনা। উচ্চাভিলাষী হওয়া দোষ নয় যদি সেই উচ্চাভিলাষ পূরণ করা যায়। শেখ হাসিনা সরকার প্রতিটি পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। কিন্তু একটি চক্র বারবার ইসলামের অব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, এগিয়ে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেই সব অপশক্তিকে প্রতিহত করতে হবে।
শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা প্রমুখ। সম্মেলনে মো. শাজাহান মোল্লাকে সভাপতি ও ডা. মো. সেলিমকে সাধারণ সম্পাদক উল্লেখ করে ৭১ সদস্যবিশিষ্ট শিবচর উপজেলা আওয়ামী লীগের কমিটি আগামী তিন বছরের জন্য ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।