আজ শুরু হচ্ছে ‘২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২০’। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি ১, ৩, ৫, ৬ ও ভাস্কর্য গ্যালারিতে ৩০ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। বিকাল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফটোগ্রাফিসহ ১১টি শাখার প্রতিটিতে একটি করে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকালে অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রদর্শনীর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
প্রদর্শনীতে ২১ থেকে ৩৫ বছরের ৫১৯ জন শিল্পীর ১ হাজার ৩৫০টি শিল্পকর্ম জমা পড়ে। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃিশল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের বিভিন্ন মাধ্যম থেকে শিল্পকর্ম নির্বাচকমণ্ডলী ৩৩৭ জন শিল্পীর ৩৬৮টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন।