অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশি চিকিত্সকের বিরুদ্ধে রোগীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের এ খবরে বলা হয়েছে, জিলংয়ের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশি ঐ চিকিত্সকের নাম শফিউল মিল্কি (৫৬)।

খবরে বলা হয়েছে, চিকিত্সার নামে ঐ চিকিত্সক নারী রোগীদের শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করতেন। শুধু তাই নয়, তিনি কৌশলে তাদের ধর্ষণ করতেন। তার বিরুদ্ধে মোট ১৫টি অপরাধের অভিযোগ গঠন হয়েছে। এই অপরাধগুলো ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি করেছেন।

২০১৯ সালে চিকিত্সক হিসেবে মিল্কির নিবন্ধন স্থগিত করেছিল মেডিক্যাল বোর্ড অব অস্ট্রেলিয়া। তবে দুই মাস পরে ভিক্টোরিয়ান সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ভিসিএটি) শর্তসাপেক্ষে তাকে আবার চিকিত্সা পেশায় নিয়োজিত থাকার অনুমতি দেয়। তিনি অস্ট্রেলিয়ার কোলাক মেডিক্যাল সেন্টার ও কোলাক সেন্ট্রাল মেডিক্যাল সেন্টার এবং মাউন্ট ক্লিয়ার মেডিক্যাল সেন্টারে অনুশীলন করছিলেন। তাকে নারী রোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেও নিষিদ্ধ করা হয়েছিল।

অস্ট্রেলিয়ান হেলথ প্রাকটিশনার রেগুলেশন এজেন্সির এক মুখপাত্র জানিয়েছেন, মামলার কার্যক্রম চলাকালে চিকিত্সক মিল্কির নিবন্ধন স্থগিত রাখার জন্য তারা আবেদন করেছেন।