ফেনী কারাগারে বিয়ে

ধর্ষণ মামলায় অভিযুক্ত জিয়াউদ্দিনের জামিন প্রশ্নে আজ আদেশ

বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণে অভিযুক্ত জিয়াউদ্দিনের জামিন আবেদনের ওপর আজ সোমবার আদেশ দেবে হাইকোর্ট। গতকাল আসামির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদেশের জন্য এই দিন ধার্য করেছেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

ধর্ষণ মামলায় গত ২৩ আগস্ট হাইকোর্টে জামিন চান জিয়াউদ্দিন। আবেদনে বলা হয়, ধর্ষণের শিকার যুবতী ও আসামি বিয়ে করতে সম্মত। এজন্য জামিন দরকার। তখন হাইকোর্ট আদেশ দিয়ে বলে, উভয় পক্ষের (বাদী-বিবাদী) সম্মতি থাকলে জেল কর্তৃপক্ষ জেলগেটে বিয়ের ব্যবস্থা করবে। বিয়েসংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে প্রেরণের জন্য ফেনী জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এরপর উভয় পক্ষের সম্মতিতে চলতি মাসে ফেনী কারাগারে বিয়ে হয় জিয়াউদ্দিনের সঙ্গে ঐ যুবতীর। একই সঙ্গে কারা কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদন পাঠান।

গতকাল আসামির আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বিয়েসংক্রান্ত বিষয়ে তথ্য আদালতে তুলে ধরেন। এরপরই হাইকোর্ট আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করে দিয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

প্রসঙ্গত চলতি বছরের ২৭ মে ফেনীর সোনাগাজী থানার জিয়াউদ্দিন (২১) বিয়ের প্রলোভন দেখিয়ে তার পার্শ্ববর্তী বাড়ির এক মেয়েকে ধর্ষণ করে। পরদিনই ভিকটিম বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। এ মামলায় ফেনীর জেলা ও দায়রা জজ গত ২৩ আগস্ট আসামির জামিন নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে জামিন চান তিনি।