আস্ট্রাজেনেকায় উ. কোরিয়ার হ্যাকারদের হানা!

ব্রিটেনের করোনা ভাইরাসের টিকা উত্পাদনকারী সংস্থা আস্ট্রাজেনেকায় হানা চালিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এই সংস্থাটি অক্সফোর্ডের বিজ্ঞানীদের সহায়তায় করোনার টিকা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটিতে হ্যাকারদের হামলার তথ্য প্রকাশ পেল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনা বিষয়ে জানেন এমন দু’জন তাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডয়চেভেলে’র

রয়টার্স জানায়, নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে আস্ট্রাজেনেকার কর্মীদের সঙ্গে ভুয়া কাজের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন। এরপর চাকরির কাগজ পাঠানোর নাম করে সেই কর্মীদের কাছে গোপনে ক্ষতিকর কোড পাঠানো হয়। একবার সেসব কাগজ কম্পিউটারে ডাউনলোড করলেই সে কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। কিছু নির্দিষ্ট মানুষকে লক্ষ্য করে এই হ্যাকিং চালানো হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এসব মানুষের সবাই কোনো না কোনোভাবে কোভিড-১৯ গবেষণার সঙ্গে যুক্ত। তবে প্রয়োজনীয় তথ্য নিতে হ্যাকাররা সফল হয়নি বলে ধারণা সংশ্লিষ্টদের। জেনেভায় জাতিসংঘে উত্তর কোরিয়ার দূতের সঙ্গে যোগাযোগ করা হলেও এ নিয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আস্ট্রাজেনেকার টিকা প্রস্তুতকারকেরাও এ নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, আস্ট্রাজেনেকায় হ্যাকিংয়ে যেসব পদ্ধতি অনুসরণ করা হয়েছে, মার্কিন কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সেগুলো উত্তর কোরিয়ার দিকে ইঙ্গিত করে বলেই জানিয়েছেন।