পরিবেশ দুষণ রোধে ইটিপি প্লান্ট চালু না করায় মহেড়া পেপার মিলকে এক লাখ টাকা এবং ইট ভাটায় অবৈধ ভাবে কাঠ পোড়ানোর অভিযোগে দুই ইট ভাটা মালিককে দুই লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় কোর্ট বহুরিয়া গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজ সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন জানান, মহেড়া পেপার মিলে পরিবেশ বান্ধব ইটিপি প্লান্ট চালু না করেই উৎপাদন চালু করেছেন। ফলে কারখানার দুষিত বর্জ্য পাশে নদীতে মিশে পানি এবং এলাকার পরিবেশ মারাত্বক ভাবে দুষিত হচ্ছে। টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় গতকাল রবিবার দুপুরে কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াকে দুষনের কবল থেকে রক্ষার করার জন্য দ্রুত সময়ের মধ্যে ইটিপি প্লান্ট স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অপর দিকে একই এলাকায় ইট ভাটায় অবৈধ ভাবে কাঠ পোড়ানোর অভিযোগে হাবিব ব্রিকসের মালিককে এক লাখ এবং আবুল কালাম ব্রিকসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তওে উপ পরিচারক মো. মোজাহিদুল ইসলাম এবং পরিদর্শক সজিব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, এলাকার পরিবেশ রক্ষার জন্য তাদের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
ইত্তেফাক/কেকে