স্পোর্টস রিপোর্টার
নারী ফুটবল লিগে প্রথম বার অংশগ্রহণ করেই শিরোপা জয়ের সব সম্ভাবনা জাগিয়ে তুলেছে বসুন্ধরা কিংস। আগামী ম্যাচটা জিতলেই বুসন্ধরা কিংস শিরোপা জয়ের উত্সব করতে পারবে। শনিবার বিকাল ৩টায় জামালপুর কাচারীপাড়া একাদশের বিপক্ষে খেলা। গতকাল দুপুরে কমলাপুর স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১৫-০ গোলে কুমিল্লা ইউনাইটেডকে হারিয়েছে। প্রথমমার্ধেই ৯ গোল হজম করে কুমিল্লা। বিরতির সময় কুমিল্লার খেলোয়াড়রা হতাশ হয়ে পড়ে। বসুন্ধরায় খেলছেন জাতীয় দলের খেলোয়াড়রা। তাদের বিপক্ষে আক্রমণ ঠেকাতেই পারেননি কুমিল্লার অনভিজ্ঞ ফুটবলাররা। তাই বিরতির সময় মন খারাপ করে বসে ছিলেন। হতাশ হয়ে গেলেও কোচ বুঝিয়ে তাদের আবার মাঠে পাঠায়। দ্বিতীয়ার্ধে আরো ৬ গোল হজম করে। এই ম্যাচে প্রথমার্ধেই দুটি হ্যাটট্টিক হয়েছে। কৃষ্ণা ৪, সাবিনা ৪, শিউলী ২, তহুরা ১, ডিফেন্ডার আঁখি ১, মনিকা ১, সামসুন নাহার ১, মাসুরা পেনাল্টি হতে ১ গোল করেন। ১০ খেলায় ৩০ পয়েন্ট বসুন্ধরার। বিকালে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে এফসি উত্তরবঙ্গ ৩-১ গোলে হারিয়েছে স্পার্টন এমকে গ্ল্যাকটিকো সিলেট এফসিকে। বিজয়ী দলের সুলতানা, জয়নব ও নুসরাত এবং বিজিত দলের সালমা গোল করেন। আজকের খেলা ঃ জামালপুর কাচারীপাড়া এবং বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব।