গোমতীর প্রতিরক্ষা বাঁধের ভেতর ইট তৈরি!

বালু, মাটি, চরের কিনারা বিক্রি, পুকুর তৈরির পর এবার গোমতীর প্রতিরক্ষা বাঁধের ভেতর চলছে ইট তৈরি। এজন্য সেখানে নির্মিত হয়েছে শ্রমিকদের বসবাসের ঘর, বসানো হয়েছে টিউবওয়েল। প্রতিদিন ডাম্প ট্রাকে করে বিভিন্ন স্থানের ফসলি জমি থেকে ইট তৈরির মাটি নিয়ে বাঁধের মধ্যে ওঠানামা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিরক্ষা বাঁধ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় দেখা গেছে এই অবস্থা। জেলার প্রধান এই নদী থেকে প্রভাবশালীরা যেমন ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে, তেমনি অনুমতি ছাড়া কেউ করছে চর থেকে মাটি বিক্রি। কেউবা পুকুর কেটে চাষ করছে মাছ। এ অবস্থায় নদীর প্রতিরক্ষা বাঁধের ভেতরে চলছে দখল প্রক্রিয়া। পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, নদীর ভেতরে কোনোভাবেই কারো মালিকানা দাবির সুযোগ নেই। যাবতীয় আয়োজন করে ইট তৈরির বিষয়টিও সম্পূর্ণ বেআইনি। প্রতিরক্ষা বাঁধটিকে দ্রুত রক্ষা করতে হলে ভারী ট্রাকে মাটি পরিবহন বন্ধ করা উচিত। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০