ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

ইত্তেফাক ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশাল : বিকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার বরিশাল বিভাগীয় কমিটি যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহ্ সাজেদা, সৈয়দ দুলাল ও শুভঙ্কর চক্রবর্তীসহ অন্যরা।

সুনামগঞ্জ :সকালে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে পৌর শহরের রমিজ বিপণিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ।

জয়পুরহাট :জয়পুরহাটের ২০টি সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নবনাট্য সংঘের সভাপতি রাজা চৌধুরী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি আমিনুল হক বাবুল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ।

নাটোর :নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা। সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্নাআহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ প্রমুখ।

জলঢাকা (নীলফামারী) :বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় জলঢাকা উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতির জোটের সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু প্রমুখ।