পোলট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

পোলট্রি খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সকালে জেলা শহরের মাইজদীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন জেলার পোলট্রি খামারিরা। জেলা পোলট্রি খামার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচিতে জেলার ৯টি উপজেলার শত শত খামারি অংশ নেন। খামারিরা জেলার বিভিন্ন স্থান থেকে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। পরে তারা মিছিল নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা পোলট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে পোলট্রি মুরগির বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পোলট্রি খাদ্য ও ওষুধের দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারিরা। অনেকে লোকসান দিতে দিতে নিঃস্ব হয়ে গেছেন। এমতাবস্থায় পোলট্রি শিল্পকে বাঁচাতে পোলট্রি খাদ্যের দাম কমানো জরুরি। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন খামারিরা।